যুদ্ধে ‘জীবন দিতে প্রস্তুত’ জুটিদের জন্য গণবিবাহের আয়োজন ইরানে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত তরুণ-তরুণীদের জন্য গণবিবাহের আয়োজন করেছে ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার। গত সোমবার সন্ধ্যার দিকে রাজধানী তেহারানের ইমাম হোসেন স্কয়্যারে হয়েছে এই গণবিবাহ।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর বোমাবর্ষণের মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শুরুর পর দেশের তরুণ-তরুণীদের জন্য ‘জানফাদা’ নামের একটি প্রকল্প শুরু করে ইরানের সরকার। ইরানের যেসব তরুণ-তরুণী চলমান এই যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ, অর্থাৎ নিজেদের জীবন দিতে প্রস্তুত আছেন— তাদের এই প্রকল্পে স্বাক্ষর করার জন্য আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে।
সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ-তরুণী প্রকল্পটিতে স্বাক্ষর করেন। তাদের জন্যই গণবিবাহের আয়োজন করা হয়েছিল ইরানে। সরকারিভাবে আয়োজিত এই গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে সোমবার বিয়ে করেছেন ১১০টি ইরানি জুটি। এসব জুটির সবাই সরকারের জানফাদা প্রকল্পে স্বাক্ষর করেছেন।
নির্ধারিত সময়ে ইরানের সামরিক বাহিনীর জিপে চেপে ইমাম হোসেন স্কয়্যারে আসেন জুটিরা। প্রতিটি জিপের ওপরে ছিল একটি করে মেশিনগান। যে মঞ্চে এই জুটিদের বিয়ে হয়েছে, সেটি ফুল, বেলুন, রঙ্গিত ফিতা-কাগজ দিয়ে সুন্দভাবে সাজানো হয়েছিল। সেই সঙ্গে মঞ্চে ছিল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিশাল একটি পোট্রেট ছবি।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে বিয়ের অনুষ্ঠান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বিবাহিত জুটিদের লিখিতভাবে অভিনন্দনবার্তা দিয়েছেন। গণবিবাহ অনুষ্ঠানে বিয়ে করতে আসা এক তরুণী ইরানি সংবাদামাধ্যম মেহের নিউজকে বলেন, “অবশ্যই দেশে এখন যুদ্ধ চলছে, কিন্তু তরুণ-তরুণীদের বিয়ে করার অধিকারও আছে।”
আরেক ইরানি তরুণ বলেছেন, একটি বিশেষ দিনে এই গণবিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ থেকে ১ হাজার ৫০০ বছর আগে ইসলাম ধর্মের প্রণেতা হযরত মুহম্মদ (স.) এর নাতি এবং হযরত আলী (র.) ও নবীর কন্যা হযরত ফাতিমা (র.)-এর জ্যেষ্ঠ সন্তান হযরত ইমাম হাসান (র.) এই দিনেই বিয়ে করেছিলেন।
“আমরা তাদের আশীর্বাদ পেয়েছি। তাছাড়া এদেশের জনগণও অকুণ্ঠভাবে আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন”, এএফপিকে বলেন ওই তরুণ।

